সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবাড়িয়া বাজার এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী মো. আতিকুর রহমানের মালিকানাধীন বৈধ জমিতে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ঠিকাদার গোবিন্দ কুমার রায়ের ওপর হামলা চালানো হয়েছে এবং তার কাছে চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, একজন প্রবাসীর বৈধ সম্পত্তিতে কাজ করতে গিয়ে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মানববন্ধনে পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান ভুট্টোকে এ ঘটনার জন্য দায়ী করে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উত্থাপন করা হয়।
বক্তারা আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. জুয়েল রানা, আব্দুল ওহাব, বাবু তালুকদারসহ আরও অনেকে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মোঃ সেলিম রেজা