জহির আহাম্মেদ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাঁশের লাঠি দিয়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। ঘটনার পর ঘরে তালা ঝুলিয়ে ছোট বোনকে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
সোমবার (৩০ মার্চ) উপজেলার গজারিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার (৩৫) ওই গ্রামের কাতারপ্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী। অভিযুক্ত তার ছেলে মুরাদ হাসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতের মতো মুক্তা আক্তার তার ছেলে মুরাদ ও পাঁচ বছর বয়সী মেয়ে ইয়ামিনকে নিয়ে ঘুমাতে যান। রাতের কোনো এক সময় মুরাদ তার মাকে বাঁশের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। পরে মরদেহ ঘরের এক পাশে ঢেকে রেখে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়।
সোমবার ভোরে সে ছোট বোনকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়। ঘরে তালা দেখে স্বজনদের সন্দেহ হলে তারা তালা ভেঙে ভেতরে ঢুকে মুক্তা আক্তারের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, অভিযুক্ত মুরাদ এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ছেলে মাকে পিটিয়ে হত্যা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক চ্যানেল দিগন্ত