সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা, স্বর্ণ ও রূপা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। টাকা নেওয়ার পর থেকে অভিযুক্ত ব্যক্তি লাপাত্তা রয়েছেন। এ ঘটনায় প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী রুমানা টাকা ফেরতের দাবিতে অনশন শুরু করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার আতাইকুলা উপজেলার বাসিন্দা আবু সাঈদের মেয়ে রুমানা ও তার বোনের কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে শাহীন নামের এক ব্যক্তি নগদ ১৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণ এবং ৯ ভরি রূপা কৌশলে হাতিয়ে নেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি না পেয়ে হতাশায় ভুগছেন রুমানা।
জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইদ গ্রামের বাসিন্দা সাখাওয়াতের ছেলে শাহীন। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে তার বাড়িতে টাকা ফেরতের দাবিতে অনশন শুরু করেন রুমানা।
অনুসন্ধানে আরও জানা যায়, অভিযুক্ত শাহীন এর আগেও একই কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিমুল এলাকার এক ব্যক্তির কাছ থেকেও চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে তার এক খালাতো বোনের কাছ থেকেও অর্থ নিয়ে আত্মগোপনে যান তিনি। পরে স্থানীয়দের চাপে তার বাবা সাখাওয়াত জমি বিক্রি করে সেই টাকা পরিশোধ করেন।
রুমানার ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিক বৈঠক করেছেন।
প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “ঘটনার সত্যতা রয়েছে। শাহীন টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছেন।”
এ বিষয়ে অভিযুক্ত শাহীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
মোঃ সেলিম রেজা