হালুয়াঘাটের মাইজপাড়ায় মাদকের রমরমা ব্যবসা ধ্বংসের মুখে যুবসমাজ প্রশাসনের হস্তক্ষেপ দাবি
আরিফ আহম্মেদ (ময়মনসিংহ) হালুয়াঘাট প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের মাইজপাড়া গ্রামে দিন-দুপুরে প্রকাশ্যে চলছে গাঁজাসহ বিভিন্ন ভয়ানক মাদকের কেনাবেচা ও সেবন। এতে করে এলাকার তরুণ ও যুবসমাজ চরম ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সচেতন মহল। মাদকের এমন ভয়াবহ বিস্তারে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাইজপাড়া গ্রামে এখন মাদক ব্যবসা এক প্রকার ওপেন সিক্রেটে পরিণত হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদক কারবারিদের আনাগোনা ও বেচাকেনা চলে প্রকাশ্যে। যুবক থেকে শুরু করে মধ্যবয়সী পুরুষ—অনেকেই এই মরণনেশায় আসক্ত হয়ে পড়ছেন। অতিরিক্ত গাঁজা ও মাদক সেবনের ফলে অনেক যুবকের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে, কেউ কেউ প্রায় পাগলের মতো আচরণ করছেন। এতে করে বিঘ্নিত হচ্ছে সামাজিক শান্তি, বাড়ছে পারিবারিক কলহ ও অপরাধের ঝুঁকি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মাদকের এই মরণ ছোবলে এলাকার উঠতি বয়সের ছেলেরা পড়াশোনা ও সুস্থ জীবন ছেড়ে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। মাদক কারবারিদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
তবে এলাকার এই চরম অবক্ষয় রুখতে আর চুপ করে থাকতে পারেননি সচেতন নাগরিকেরা। আমাদের চোখের সামনে তরুণ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। মাদকের এই স্বর্গরাজ্য যদি এখনই বন্ধ করা না হয়, তবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার।
মাইজপাড়া গ্রামের একজন উদ্বিগ্ন অভিভাবক
জানা গেছে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যুবসমাজকে রক্ষা করতে সচেতন মহলের কয়েকজন ব্যক্তি ইতিমধ্যেই হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা এই মাদক সিন্ডিকেট নির্মূল করতে স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ ও জোরদার অভিযানের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর জোর দাবি, প্রশাসন যেন দ্রুত তদন্ত সাপেক্ষে এই মাদক ব্যবসার মূল হোতা ও কারবারিদের আইনের আওতায় আনে। একই সাথে, মাদকাসক্ত যুবকদের চিকিৎস ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে এনে মাইজপাড়া গ্রামকে একটি মাদকমুক্ত ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করছেন তারা।
আরিফ আহমেদ