ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চাঁদশ্রী গ্রামে মোঃ জুনায়েদ হোসেন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। সে ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় এ ঘটনাটি ঘটে। পরিবারের লোকজন ঘরের ভিতরে ফাঁস লাগানো অবস্থায় শিশুটিকে ঝুলতে দেখে তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে মৃত বলে নিশ্চিত করেন।
ঘটনার পর পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এত অল্প বয়সে একটি নিরীহ শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রাথমিকভাবে অনেকে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও, অনেকেই ঘটনাটিকে রহস্যজনক মনে করছেন। কেউ কেউ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হালুয়াঘাট থানার ওসি জানিয়েছেন, “ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচনের জোর দাবি জানিয়েছেন।
আরিফ আহমেদ