সিরাজগঞ্জ, সোমবার (৩০ মার্চ): সিরাজগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে মোট ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২ এর সদর দপ্তরের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকুর রহমান মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— রায়গঞ্জ উপজেলার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২০) এবং একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে আবুল হাসান (২৯)।
র্যাব জানায়, রোববার (২৯ মার্চ) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রবিউল ইসলাম ও আবুল হাসানকে ৫১ হাজার টাকার জাল নোটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের পলাতক আসামি হাকিম শেখের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে গোপনে সিরাজগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় জাল টাকা খাঁটি নোট হিসেবে ব্যবহার করে কেনাবেচা ও লেনদেন করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত জাল নোটসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ সেলিম রেজা