ইলিয়াছ আলী মাসুক, হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বড় ধরনের সাফল্য অর্জন করেছে। ট্রাকভর্তি পাথরের নিচে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ করেছে ৫৫ বিজিবি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা থামানোর সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক মহাসড়কের পাশে যানবাহনটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে দেখেন, উপরে থাকা পাথরের স্তূপের নিচে বস্তার ভেতর অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং ঔষধ (MELANOCYL) লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা এসব পণ্যসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের অপরাধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিজিবি।
দৈনিক চ্যানেল দিগন্ত