ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়ক সংযুক্ত চান্দুরা-আখাউড়া সড়কের আড়িয়াল বাজার সংলগ্ন একটি পুরোনো ব্রিজ বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। ব্রিজটির মধ্যভাগে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে, যেখানে কংক্রিট খসে পড়ে লোহার রড বের হয়ে আছে। ব্রিজের মাঝখানের ভাঙা অংশ আগেই স্টিল সাটার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে,এর মধ্য দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো ভারী ও হালকা যানবাহন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটি আনুমানিক ১৯৯৫ সালের দিকে বা তারও আগে নির্মিত হয়। চান্দুরা থেকে আখাউড়া পর্যন্ত যোগাযোগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক, বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করে।
বর্তমানে ব্রিজটির বেহাল অবস্থার কারণে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে ব্রিজের মাঝখানের গভীর গর্ত ও উন্মুক্ত রড দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এবিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান জানান,আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে দেখি কিভাবে দ্রুত সমাধান করা যায়।আশাকরি খুব শিগগিরই ব্রিজটি ঝুকিমুক্ত হবে।
দৈনিক চ্যানেল দিগন্ত