ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালী-৩ আসনে প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, চ্যালেঞ্জের মুখে নুর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
পটুয়াখালী-৩ আসনে প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, চ্যালেঞ্জের মুখে নুর ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
মো. জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার-প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে পরিচিত এই নেতা নিজের ‘ঘোড়া’ প্রতীক নিয়ে গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও পাড়া-মহল্লায় ভোটারদের মুখে মুখে রয়েছেন।

শুক্রবার ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি ২০২৬) সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে কুশল বিনিময় ও আশীর্বাদ গ্রহণ করেন তিনি। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ‘ঘোড়া’ মার্কায় ভোট প্রার্থনা করেন।

হাসান মামুনের নির্বাচনী প্রচারণা একটি সুসংগঠিত রোডম্যাপ অনুযায়ী পরিচালিত হচ্ছে। স্থানীয় ভোটারদের মতে, তাঁর সুশৃঙ্খল ও জোরালো প্রচারণা নির্বাচনি মাঠে একটি শুভ সূচনা তৈরি করেছে। এই প্রচারণায় তাঁর সাথে ছায়ার মতো রয়েছেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, এ্যাডভোকেট আবদুল ওহাব চৌধুরী, এ্যাডভোকেট এনামুল হক রতন এবং ফরাজী মাহাবুব আলমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নেতৃবৃন্দ দাবি করেছেন, দলমত নির্বিশেষে মানুষ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ঘোড়া’ মার্কা প্রতীকে ভোট দিয়ে হাসান মামুনকে জাতীয় সংসদে পাঠাতে উন্মুখ হয়ে আছেন।

অন্যদিকে, বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করলেও কিছুটা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলাকায় নুরের নিজস্ব দলের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি না থাকা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুন বিএনপির একটি বড় অংশের সমর্থন নিয়ে মাঠে সক্রিয় থাকায় নুরকে বেশ বেগ পেতে হচ্ছে।

সব মিলিয়ে পটুয়াখালী-৩ আসনে নির্বাচনী লড়াই এখন তুঙ্গে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে কার ভাগ্যে বিজয়ের মালা উঠবে, তা দেখতে অপেক্ষা করতে হবে ভোট গ্রহণ পর্যন্ত।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ার ভেড়ামারায় চলছে তেলের সিন্ডিকেট

কুষ্টিয়ার ভেড়ামারায় চলছে তেলের সিন্ডিকেট