আরিফ আহম্মেদ হালুয়াঘাট সংবাদদাতা
কলকাতা, ২১ মার্চ ২০২৬ বাংলাদেশের ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিদের অবৈধভাবে ভারতে পালাতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে কলকাতার একটি আদালত।
পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) এই সময়ের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ফিলিপ সাংমা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূটিয়াপাড়া সীমান্ত এলাকার বাসিন্দা। তিনি হাদি হত্যার পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ (রাহুল) ও আলমগীর হোসেনকে হালুয়াঘাট-মেঘালয় সীমান্ত দিয়ে অর্থের বিনিময়ে ভারতে পার করে দিয়েছিলেন বলে অভিযোগ।
হত্যাকাণ্ডের পর বাংলাদেশ পুলিশের তদন্তের চাপ বাড়লে ফিলিপ নিজেও একই সীমান্তপথে ভারতে পালিয়ে যান। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে এসটিএফ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত পারাপারে সহায়তার কথা স্বীকার করেছেন।
এদিকে, বাংলাদেশ উপহাইকমিশন কলকাতায় ফিলিপ সাংমার সঙ্গে কনস্যুলার অ্যাক্সেসের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। হাদি হত্যা মামলায় বাংলাদেশে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রধান আসামিদের ফেরত আনার প্রক্রিয়া চলমান।
এই গ্রেপ্তার ও রিমান্ড হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করা হচ্ছে।
আরিফ আহমেদ