আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের সমর্থনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) ফজরের নামাজের পর থেকেই পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পতিপাড়া এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে এই প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়।
সাতমেরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা মো. মিন্টু কামালের নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়। এতে সাংগঠনিক সম্পাদক মো. হাচানুরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সাতমেরা ইউনিয়নের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনসাধারণের কাছে অনুরোধ জানান।
গণসংযোগকালে মিন্টু কামাল বলেন, "আমাদের রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একজন ত্যাগী ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখে ছায়ার মতো পাশে রয়েছেন। পঞ্চগড়-১ আসনের সার্বিক উন্নয়ন এবং জনগণের হারানো ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই।"
প্রচারণাকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিএনপির নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে সাতমেরা ইউনিয়নসহ পঞ্চগড় সদরের প্রতিটি ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এই গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে।
দৈনিক চ্যানেল দিগন্ত