ঢাকা | বঙ্গাব্দ

পটুয়াখালীতে একই স্থানে নুর ও মামুনের কর্মসূচিতে নিষেধাজ্ঞা, রিটার্নিং অফিসারের চিঠি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 1, 2026 ইং
পটুয়াখালীতে একই স্থানে নুর ও মামুনের কর্মসূচিতে নিষেধাজ্ঞা, রিটার্নিং অফিসারের চিঠি ছবির ক্যাপশন: দৈনিক চ্যানেল দিগন্ত
ad728
মো: জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় একই তারিখ ও স্থানে নির্বাচনি কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন ও রিটার্নিং অফিসার।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর (ট্রাক প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন (ঘোড়া প্রতীক)-কে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৬ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসারের পাঠানো চিঠিতে বলা হয়, পুলিশ সুপার (বিশেষ শাখা) ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) প্রতিবেদন অনুযায়ী—আগামী ৩১ জানুয়ারি সহ একাধিক তারিখে দুই প্রার্থী একই এলাকা বা কাছাকাছি স্থানে এবং একই সময়ে প্রচার-প্রচারণা ও জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও শান্তি-শৃঙ্খলার অবনতির প্রবল আশঙ্কা রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি প্রচারণা শুরুর আগে রিটার্নিং অফিসারের কাছে সফরসূচি দাখিল করার বিধান থাকলেও উভয় প্রার্থী নির্ধারিত সময়ের পরে কর্মসূচি জমা দিয়েছেন এবং যথাযথ অনুমোদন ছাড়াই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

উল্লেখ্য যে, এর আগে দশমিনা ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় ট্রাক ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে মিছিল চলাকালে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলাও দায়ের করা হয়েছে।

রিটার্নিং অফিসার উভয় প্রার্থীকে ভিন্ন তারিখ, ভিন্ন স্থান ও ভিন্ন সময়ে অনুমোদন সাপেক্ষে কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে সতর্ক করেছেন যে, এই নির্দেশনা অমান্য করলে নির্বাচনি আচরণ বিধিমালা অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ