ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৪৫০০ লিটার পেট্রোল ও ১৯৫০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মোট ২৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুর ১২:৩০ মিনিটে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় মেসার্স পপি ট্রেডার্স নামের মিনি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় পাম্প মালিককে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত তেল পরে পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। অভিযানে ফুলপুর থানা পুলিশ সহযোগিতা করে।
এ ধরনের অবৈধ মজুদ জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে বলে প্রশাসন সতর্ক করে দিয়েছে।
আরিফ আহমেদ