চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় সাত বছর বয়সী এক স্কুলছাত্রীর শ্বাসনালি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার এই দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করেন স্থানীয় শ্রমিকরা। বর্তমানে শিশুটি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দুপুর ২টার দিকে ইকোপার্কের প্রায় ৫ কিলোমিটার গভীরে সড়কের ব্লকের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় একটি স্কেভেটর চালক দেখতে পান, একটি রক্তাক্ত শিশু জঙ্গল থেকে টলমল পায়ে হেঁটে রাস্তার দিকে আসছে। শিশুটির গলার শ্বাসনালি কাটা ছিল এবং পরনের কাপড় রক্তে ভেজা থাকলেও শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না।
তৎক্ষণাৎ উপস্থিত শ্রমিকরা মানবিক পরিচয় দিয়ে শিশুটির গলার কাটা অংশ কাপড় দিয়ে পেঁচিয়ে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন এবং একটি ট্রাকে করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এই পাশবিক ঘটনা কে বা কারা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। গলার শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুটি কথা বলতে পারছে না, ফলে ঘটনার বিস্তারিত বর্ণনা পাওয়া সম্ভব হয়নি। নির্জন পাহাড়ি এলাকায় শিশুটিকে নিয়ে গিয়ে এমন নৃশংস কায়দায় হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাব হোসেন জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার গলার শ্বাসনালি পুরোপুরি কেটে যাওয়ায় সে কথা বলার শক্তি হারিয়েছে। তিনি আরও জানান, শিশুটির পোশাকের অবস্থা এবং প্রাথমিক আলামত পর্যবেক্ষণ করে প্রবলভাবে ধারণা করা হচ্ছে যে, সে পাশবিক ধর্ষণের শিকার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
দৈনিক চ্যানেল দিগন্ত