রনি ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক অনলাইন কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম শিমরাইল গ্রামের সফিকুর ইসলাম ও পারুলী বেগমের ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে ‘তালাশ ক্রাইম দৃষ্টি’ নামে একটি পেইজ পরিচালনা করতেন। সেখানে তিনি মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে সচেতনতামূলক ভিডিও তৈরি করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দ্বীন ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা দ্বীন ইসলামকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বুড়ি নদী পার করে কুমিল্লার বাঙ্গরা থানার গাঙ্গেরকুট এলাকায় ফেলে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঘটনার পর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। বাঙ্গরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং পরে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, মাদক ও অপরাধ নিয়ে ভিডিও তৈরি করার কারণে স্থানীয় অপরাধী চক্র তার ওপর ক্ষিপ্ত ছিল। পরিকল্পিতভাবেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক চ্যানেল দিগন্ত