ঢাকা | বঙ্গাব্দ

বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মৃত্যু: ইনজেকশন ও অবহেলার অভিযোগে স্বজনদের ক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 24, 2026 ইং
বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মৃত্যু: ইনজেকশন ও অবহেলার অভিযোগে স্বজনদের ক্ষোভ ছবির ক্যাপশন:
ad728

মু. অলি উল্লাহ ইয়াছিন, স্টাফ রিপোর্টার নোয়াখালী


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলা ও ভুল ইনজেকশনে আরোহী নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত আরোহী উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে নিয়ে তার মা সালমা আক্তার হাসপাতালে আসেন। স্বজনদের দাবি, জরুরি বিভাগের নার্সের গাফিলতিতে শিশুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভিড় করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে ঘটনার ভিন্ন প্রেক্ষাপট উঠে এসেছে। চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, শিশুটি বেশ কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং তাকে হাসপাতালে আনার আগে বাড়িতেই ৩-৪ দিন চিকিৎসা দেওয়া হয়েছে। বাড়িতে থাকাকালীন তার শরীরে ৩-৪টি ইনজেকশন পুশ করা হয়েছিল। মঙ্গলবার সকালে যখন শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে এবং শরীর আর ইনজেকশন গ্রহণ করছিল না, তখন হাতে ক্যানোলা পরা অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক দেখার আগেই নার্স যখন হাতে থাকা ক্যানোলাটি পরিষ্কার করতে যান, তখনই শিশুটি মারা যায়। তবে পরিবারের পক্ষ থেকে নার্সের গাফিলতি ও ইনজেকশন প্রদানের বিষয়ে মৌখিক অভিযোগ করা হয়েছে।


বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সালেহ আহমেদ সোহেল জানান, কয়েক দিন আগে শিশু বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম আরোহীকে পরীক্ষা করে একটি ইনজেকশন দিতে বলেছিলেন এবং হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু স্বজনরা পরামর্শ উপেক্ষা করে শিশুকে বাড়িতে নিয়ে যান এবং বাইরে থেকে ইনজেকশন দিয়ে মঙ্গলবার পুনরায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর দেখা যায় শিশুর হাতের ক্যানোলাটি ব্লক হয়ে আছে। সেটি পরিষ্কার করার সময় শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট