আবু নাঈম রিপন, স্টাফ রিপোর্টার
নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী (হাঁস মার্কা) আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা বলেছেন, “নির্বাচনী মাঠে হাঁস মার্কার গণজাগরণ দেখে একটি পক্ষ দিশেহারা হয়ে এখন হুমকি দিচ্ছে। আপনি তো ঠিকমতো দাঁড়াতেই পারেন না, কিসের হুমকি দেন? মনে রাখবেন, এসব হুমকি-ধমকি দিলে জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “হুমকি-ধমকি দিলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আপনার বাড়ির পাশে অবরোধ করা হবে। তখন দেখব আপনি কী করেন। আমরা এইসব হুমকিতে ভয় পাই না। মামলা খেতে খেতেই আমরা বুড়ো হয়েছি। আমরা ভালো করেই চিনি কে কী করতে পারে। যে প্রকৃত কাজ করতে পারে, সে হুমকি দেয় না।”
এ সময় তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, কোনো ভয়-ভীতি বা প্রলোভনে পা না দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। উঠান বৈঠকে এলাকার শত শত ভোটার ও সমর্থক উপস্থিত হয়ে হাঁস মার্কার পক্ষে স্লোগান দেন।
দৈনিক চ্যানেল দিগন্ত