মোঃ রনি ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি
জাতীয় সংসদে প্রথম বক্তব্যেই নওগাঁর মান্দা উপজেলায় একটি আধুনিক ও বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু । তিনি বলেন, মান্দা ও আশপাশের বিস্তীর্ণ এলাকার শিশুদের চিকিৎসা সেবার মানোন্নয়নের জন্য দ্রুত একটি আধুনিক শিশু হাসপাতাল প্রতিষ্ঠা সময়ের দাবি।
এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, নওগাঁ জেলার অন্যতম বৃহৎ উপজেলা হলো মান্দা। এখানে বিপুল সংখ্যক শিশু ও কিশোর-কিশোরী বসবাস করলেও তাদের জন্য কোনো বিশেষায়িত শিশু চিকিৎসা কেন্দ্র নেই। ফলে শিশুদের জটিল রোগের চিকিৎসার জন্য অভিভাবকদের অনেক সময় নওগাঁ সদর, রাজশাহী কিংবা ঢাকার মতো দূরবর্তী শহরে যেতে হয়।
তিনি বলেন, “গ্রামীণ অঞ্চলের অনেক দরিদ্র পরিবার আর্থিক সংকটের কারণে দূরে গিয়ে চিকিৎসা করাতে পারে না। এতে অনেক সময় শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই মান্দায় একটি আধুনিক শিশু হাসপাতাল স্থাপন করা হলে এই অঞ্চলের হাজার হাজার শিশু উন্নত চিকিৎসা সেবা পাবে।”
সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, মান্দা উপজেলায় স্বাস্থ্যসেবার অবকাঠামো থাকলেও শিশুদের জন্য আলাদা কোনো উন্নত চিকিৎসা সুবিধা নেই। ফলে সাধারণ হাসপাতালগুলোতে শিশুদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া অনেক সময় সম্ভব হয় না। এজন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মান্দা উপজেলায় একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, “মান্দা উপজেলার ভৌগোলিক বিস্তৃতি অনেক বড় এবং এখানে জনসংখ্যাও বেশি। একটি আধুনিক শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হলে শুধু মান্দা নয়, আশপাশের ধামইরহাট, পত্নীতলা ও বদলগাছী উপজেলার মানুষও উপকৃত হবে।”
তার এই বক্তব্য সংসদে উপস্থিত অনেক সদস্যের দৃষ্টি আকর্ষণ করে এবং বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা হয় বলেও জানা গেছে।
এদিকে স্থানীয় সচেতন মহল, চিকিৎসক ও সাধারণ মানুষ এমপি ডা. ইকরামুল বারী টিপুর এই দাবিকে অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে মান্দা উপজেলায় একটি আধুনিক শিশু হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। সংসদে বিষয়টি তুলে ধরায় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হলে মান্দা উপজেলায় শিশুদের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে এবং শিশু মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া একটি আধুনিক শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হলে গ্রামীণ অঞ্চলের দরিদ্র পরিবারগুলো সহজেই তাদের সন্তানদের উন্নত চিকিৎসা সেবা দিতে পারবে।
সচেতন মহলের মতে, মান্দায় একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা গেলে তা শুধু স্বাস্থ্যসেবাই নয়, সামগ্রিকভাবে এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এজন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছেন।
মোঃ রনি ইসলাম