নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারি টিপু-এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দপ্তরের বর্তমান কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা নবনির্বাচিত সংসদ সদস্যকে অবহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডাঃ ইকরামুল বারি টিপু বলেন, মান্দা উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং কৃষিখাতের আধুনিকায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে এবং মান্দাকে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং জনস্বার্থে ভবিষ্যতে নিয়মিত এমন সমন্বয় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
মোঃ রনি ইসলাম