মোঃ জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী শহরের টাউন জৈনকাঠি এলাকায় মাদকের টাকার জন্য নিজের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে বিশ্বজিৎ রয় বিশু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) সকালে শহরের ১ নম্বর ওয়ার্ডের আউড়াপোল এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত বিশ্বজিৎ রয় ওই এলাকার অতুল রয়ের ছেলে। পারিবারিক কলহের জেরে নিজ ঘরে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিশ্বজিৎ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত এবং নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নিয়মিত নির্যাতন চালিয়ে আসছিলেন। তার এমন অস্বাভাবিক আচরণের অতিষ্ঠ হয়ে তার স্ত্রী, সন্তান ও মা নিরুপায় হয়ে বাড়ি ছেড়ে ঢাকায় চলে গেছেন। রোববার সকালে আবারও মাদকের টাকার দাবিতে পরিবারে কলহ বাধে। এর এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে বিশ্বজিৎ নিজের বসতঘরে আগুন ধরিয়ে দেন।
আগুন লাগার পরপরই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগানোর পরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত বিশ্বজিৎ রয়কে আটক করে রাখেন এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকালে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক মাদকাসক্ত। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এটি তার বাবার বসতঘর হওয়ায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি।
দৈনিক চ্যানেল দিগন্ত