মো. ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, পৌর বিএনপির সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুম আব্দুর রাজ্জাক কিশোরগঞ্জ শহরের পুরান থানাস্থ ঐতিহ্যবাহী ‘আব্দুস সামাদ প্লাজা’র স্বত্বাধিকারী ছিলেন। তিনি ৩নং ওয়ার্ডের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন ত্যাগী নেতা হিসেবে কিশোরগঞ্জের স্থানীয় রাজনীতিতে তাঁর অবদান অনস্বীকার্য।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জ জেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মীরা প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ভিড় করেন।
পৃথক শোকবার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
দৈনিক চ্যানেল দিগন্ত