আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন নওগাঁ-৪৯ (মান্দা-৪) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারি টিপু। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) একুশের প্রথম প্রহরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরব দাঁড়িয়ে থাকেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারি টিপু বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের মহান আত্মত্যাগের মাধ্যমেই আমরা আজ মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার পেয়েছি। তাঁদের এই আত্মদান কখনও বৃথা যেতে পারে না। আমাদের উচিত ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা।” তিনি আরও বলেন, একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস জোগায়।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমপির শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের সেই চরম আত্মত্যাগের স্মরণে প্রতি বছর দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে।
দৈনিক চ্যানেল দিগন্ত