নীলফামারী প্রতিনিধি
নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত চারটি টিনশেড স্থাপনা উচ্ছেদ করেছে ইউনিয়ন ভূমি অফিস। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বাজারের অভ্যন্তরে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের অবৈধভাবে গড়ে তোলা মোট ৪টি টিনশেড ঘর পুরোপুরি অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র সরকারি জায়গা দখল করে এসব বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ তুলেছিলেন।
ভূমি অফিস সূত্রে জানা যায়, ভবানীগঞ্জ বাজারের এই জমিটি সরকারি খতিয়ানভুক্ত। প্রভাবশালীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সেখানে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা তৈরি করে দখল বজায় রেখেছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর এবং যথাযথ তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়ায় উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বিকেলের অভিযানে কোনো বাধা ছাড়াই অবৈধ স্থাপনাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং সরকারি জমিটি দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এই অভিযানকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।
উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন গোড়গ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. কাওসার ই হুদা। তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি জমি উদ্ধারে প্রশাসনের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই উচ্ছেদ পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্ব অবসান ঘটিয়ে চারটি টিনশেড ঘর উচ্ছেদ করে জমিটি পুনরায় সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করে দেন যে, যারা সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে, পর্যায়ক্রমে তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
দৈনিক চ্যানেল দিগন্ত