ঢাকা | বঙ্গাব্দ

মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার ছবির ক্যাপশন: মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার
ad728
নওগাঁ প্রতিনিধি: 

মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। তিনি বলেছেন, বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সচেতনতা বাড়ানো জরুরি এবং একটি সুস্থ সমাজ গঠনে শিক্ষার্থীদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নওগাঁর বদলগাছী উপজেলার কোলা আদর্শ কলেজে আয়োজিত স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি।

পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, অপ্রাপ্ত বয়সে বিয়ে একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সাইবার অপরাধ প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকতে হবে এবং অচেনা কারও সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহারই নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়া গেলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান বলেন, আইন সম্পর্কে জ্ঞান থাকলে অপরাধ থেকে দূরে থাকা সহজ হয়। তাই ছোটবেলা থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোলা আদর্শ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় কাজ করছে এবং যেকোনো সমস্যায় পুলিশকে জানানোর আহ্বান জানান।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা সেসব প্রশ্নের উত্তর দেন এবং সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চ্যানেল দিগন্ত

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট