আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা, আইডি কার্ড বিতরণ এবং দোয়া ও ইফতার মাহফিল অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) নরসিংদী এলজিইডি ভবনের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুল কাম বাদশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার। পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় ও সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান মানিক, প্রধান সহ-সভাপতি ও শিবপুর প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন এবং জেলা সহ-সভাপতি ও শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম রিপন। এছাড়া জেলা সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নগেন্দ্র নাথ বনিক। সভায় বক্তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা নরসিংদী জেলায় একটি সুপ্রতিষ্ঠিত সংগঠন এবং এই সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সংবাদকর্মী ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, যাদের মধ্যে মোঃ কাউছার হোসেন, মোঃ আব্দুল্লাহ, মো: আরমান ও মোসাঃ সাথী বেগম অন্যতম। ইফতারের পূর্ব মুহূর্তে এলজিইডি মসজিদের ইমাম মাওলানা ছানাউল্লাহর সঞ্চালনায় পবিত্র রমজানের ফজিলত নিয়ে আলোচনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সাংবাদিকদের নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকল সাংবাদিক ও অতিথিদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। এই আয়োজনের মাধ্যমে নরসিংদীর সাংবাদিকদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
দৈনিক চ্যানেল দিগন্ত