মোঃ জিহাদ হোসেন
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল মাহমুদের ওপর হামলার অভিযোগ উঠেছে তার নিজ দলের একাংশের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় আলীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খলিসাখালী গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সোহেল মাহমুদকে প্রথমে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত সোহেল মাহমুদ দাবি করেছেন, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসান মামুনের পক্ষে নির্বাচনে কাজ করায় প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়েছে।
ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে রোববার রাতেই বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলখোলা বাসস্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামান বাদল। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমীন মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জোবায়ের হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানজির আহমেদ রিডেন ।
এদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ভিন্নমত প্রকাশ করেছেন। তিনি জানান, বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনে কাজ করাকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ চলছিল। তিনি অভিযোগ করেন, এর আগে আলীপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহেল মাহমুদের বিরুদ্ধে ছাত্রদলের কর্মী রিয়াদ ও সাহিনের ওপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া একটি নারী-সংক্রান্ত বিরোধের বিষয়ও সামনে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, বিষয়টি রাজনৈতিকভাবে প্রচার করা হচ্ছে।
আজ সোমবার নলখোলা এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু সিকদার। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী পারিবারিক ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে পরাজিত প্রার্থী হাসান মামুনের সমর্থকরা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা।যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান প্যাদা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ লিয়ার হোসেন উপস্থিত ছিলেন। উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ জানান, ছাত্রদল নেতা সোহেল মাহমুদের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় দশমিনার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
দৈনিক চ্যানেল দিগন্ত