গোপালগঞ্জ শহরের জনতা বাইলেন এলাকার "সিকদার মঞ্জিল" থেকে ‘নিডো’ নামের একটি শখের বিদেশি পোষা বিড়াল হারিয়ে গেছে। গত ১৮ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়া এই বিড়ালটির সন্ধান চেয়ে শহরে বিজ্ঞপ্তি দিয়েছেন মালিক তাসনিম ইসলাম নওমি। নওমি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রিয় পোষা প্রাণীকে ফিরে পেতে তিনি সন্ধানদাতার জন্য সন্তোষজনক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হারিয়ে যাওয়া বিড়াল ছানাটি কমলা-সাদা রঙের এবং এর লেজ সম্পূর্ণ বাদামী ও গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। ‘নিডো’ নাম ধরে ডাকলে সে সাড়া দেয় বলে জানিয়েছেন নওমি।
বিড়ালটির মালিক নওমি আবেগআপ্লুত হয়ে জানান, নিডো হারিয়ে যাওয়ার পর থেকে তার সাথে থাকা অন্য বিড়াল ছানাগুলো অসুস্থ হয়ে পড়েছে। তারা খাওয়া-দাওয়া বন্ধ করে সারাক্ষণ কান্নাকাটি করছে। নওমি বলেন, “বিড়াল ছানাটি আমি অত্যন্ত স্নেহ ও মমতা দিয়ে লালন-পালন করেছি। একজন মায়ের কাছে সন্তানের যেমন মূল্য, আমার কাছে এই ছানাটি ঠিক তেমনি। সে বাইরের পরিবেশে একা টিকে থাকতে পারবে না ভেবে আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত। যদি কেউ শখ করে ওকে নিয়ে থাকেন, তবে অন্য বিড়াল ছানাগুলোর কষ্টের কথা ভেবে হলেও ওকে দয়া করে ফিরিয়ে দিন।” তিনি আরও জানান, নিডো মূলত মুরগির মাংস ও মাছ খেতে পছন্দ করে।
ইতোমধ্যেই বিড়ালটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও শহরের বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজন ফোন দিলেও সঠিক বিড়ালটির সন্ধান মেলেনি। নিখোঁজ বিড়ালের সন্ধানদাতাকে কৃতজ্ঞতাস্বরূপ আকর্ষণীয় পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নওমি অনুরোধ করেছেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বিড়ালটির দেখা পান তবে যেন ০১৭৩৯০০০০১৯ নম্বরে যোগাযোগ করেন। শখের প্রাণীকে ফিরে পেতে নওমি এবং তার পরিবার গোপালগঞ্জ শহরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক চ্যানেল দিগন্ত