মোঃ রনি ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার নির্বাচনী জনসভায় ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু কৃষকদের স্বার্থে গুরুত্বপূর্ণ একটি দাবি উত্থাপন করেছিলেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নিকট কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রস্তাব দেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” কৃষকদের আর্থিক দুরবস্থা ও চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে তিনি এই দাবি জানান। তাঁর বক্তব্যে উঠে আসে মাঠপর্যায়ের কৃষকদের বাস্তব চিত্র—স্বল্প মূল্যে ফসল বিক্রি, উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি এবং ঋণের চাপ।
ডাঃ টিপুর এই সময়োপযোগী দাবির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী একটি মানবিক ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেন। সরকারের ঘোষণায় জানানো হয়েছে, সারাদেশে প্রায় ১২ লাখ কৃষকের মোট দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বড় ধরনের স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এ উদ্যোগ কৃষি খাতে নতুন গতি সঞ্চার করবে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।
বিশ্লেষকরা মনে করছেন, কৃষকদের প্রতি এমন সহায়ক নীতি ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নওগাঁর জনসভায় উত্থাপিত ডাঃ ইকরামুল বারি টিপুর দাবি থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন সারাদেশের কৃষকদের জন্য আশার আলো।
মোঃ রনি ইসলাম