সারাদেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে চিলাহাটির বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চিলাহাটি সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিলিত হয়। এরপর ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে চিলাহাটি সরকারি কলেজ, স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খাদ্য গুদাম এবং সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা ও ছাত্রদল ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার মধ্যে অনলাইন নিউজ পোর্টাল চিলাহাটি ওয়েব ডটকম, বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা উত্তরা ফাউন্ডেশন, চিলাহাটি আইডিয়াল স্কুল, উইল পাওয়ার স্কুল, ফিউচার প্রি-ক্যাডেট একাডেমি, সানমুন কিন্ডার গার্ডেন, সানফ্লাওয়ার স্কুল, ড্রীমল্যান্ড একাডেমি ও চিলাহাটি শিশু নিকেতনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। একুশের চেতনাকে ধারণ করে উপস্থিত সকলে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে দিনভর বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক চ্যানেল দিগন্ত