নওগাঁর মান্দা উপজেলায় সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপুর বিরুদ্ধে আয়োজিত বিতর্কিত সংবাদ সম্মেলনের জেরে এবার কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
তাদের দাবি, আগামী ১০ তারিখের মধ্যে শফিকুল ইসলাম বাবুল চৌধুরীসহ ওই সংবাদ সম্মেলনে উপস্থিত বেলাল, বাদল, কুমার বিশ্বজিৎসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দলীয় বহিষ্কার কার্যকর করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে মান্দা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক (সাবেক, মমিন শাহ্ সরকারি ডিগ্রি কলেজ), সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (তারেক জিয়া প্রজন্মদল) এবং সাবেক যুগ্ম আহ্বায়ক (জিয়া সাইবার ফোর্স) রিসালাত ই
সাজিদ বলেন,
“মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত সাংগঠনিক ব্যবস্থা ও আইনানুগ পদক্ষেপ না নিলে আমরা রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ, আল-আমিন, অনিক আহমেদ, মাহিন ইসলাম, মিজানুর রহমান, আলমগীর হোসেন, মান্দা কলেজ ছাত্রদল নেতা মোঃ সুভ, জাকারিয়া হোসেন, টেক্সটাইল বিষয়ক সাধারণ সম্পাদক মাহিন ইসলাম, অনিক আহমেদ নিরবসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান,
“এটি শুধু একটি রাজনৈতিক ইস্যু নয়, বরং দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার প্রশ্ন। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
এদিকে, পুরো বিষয়টি ঘিরে মান্দা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য মহাসড়ক অবরোধের ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
মোঃ রনি ইসলাম