কুষ্টিয়ার ভেড়ামারায় অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) উপজেলার গোলাপনগর সেন্টার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গোলাপনগর সেন্টার মোড়ের ‘হাবিব স্টোর’-এর মালিক রকিবুল ইসলাম (৪৫) অবৈধভাবে মজুতকৃত পেট্রোল প্রতি লিটার ৩০০ টাকা দরে বিক্রি করছেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
অভিযুক্ত রকিবুল ইসলাম উপজেলার গোপিনাথপুর গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।
অভিযানকালে হাবিব স্টোর থেকে অবৈধভাবে মজুত করা ১০ বোতল পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত ওই পেট্রোল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ মানুষের মাঝে সরকার নির্ধারিত ১২০ টাকা লিটার দরে বিক্রি করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, "অসাধু উপায়ে পণ্য মজুত করে জনভোগান্তি সৃষ্টি করা এবং অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"
এ সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানান।
মোঃ হিমেল হোসেন