টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গয়হাটা মাঝিপাড়ায় একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ কাজে একদল কুচক্রী মহলের বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এর ফলে বন্ধ হয়ে গেছে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই রাস্তাটির কাজ, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক গ্রামের কয়েকশ মানুষ।
০৩ মার্চ ২০২৬ মঙ্গলবার দুপুরে স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাকির তালুকদার জানান, গয়হাটা গ্রামের মাঝিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কোনো চলাচলের রাস্তা ছিল না। বর্ষার সময় কর্দমাক্ত পথ আর শুষ্ক মৌসুমে সরু আইল দিয়ে গ্রামবাসী যাতায়াত করতেন। এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘবে তিনি সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজের ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি নির্মাণ করার উদ্যোগ নেন।
ইউপি সদস্য অভিযোগ করেন, রাস্তা নির্মাণের কাজ শুরু হলে গ্রামের একটি চিহ্নিত কুচক্রী মহল ব্যক্তি স্বার্থে কাজটিতে বাধা প্রদান করে। তাদের বাধার মুখে বর্তমানে কাজ বন্ধ রয়েছে। জাকির তালুকদার বলেন, "এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান দিয়ে প্রতিদিন তিনটি গ্রামের কয়েকশ মানুষসহ স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী যাতায়াত করেন। মানুষের কষ্টের কথা চিন্তা করেই আমি নিজ খরচে রাস্তাটি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু কিছু কুচক্রী লোক জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে কাজ আটকে দিয়েছে।"
এদিকে রাস্তা নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, যারা এই উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। জনস্বার্থের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক চ্যানেল দিগন্ত