দিনাজপুরের কাহারোল উপজেলায় ব্র্যাক পরিচালিত একটি প্রকল্পে কর্মরত দিনমজুরদের সঙ্গে প্রকল্প ব্যবস্থাপকের চরম দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ ২০২৬) বিকাল ৩টার দিকে উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী শ্রমিকদের দাবি, প্রকল্পের কাজ চলাকালীন কয়েকজন দিনমজুর নিজেদের মধ্যে কথা বলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রকল্প ব্যবস্থাপক তাদের কথা বলা বন্ধের নির্দেশ দেন। শ্রমিকরা কাজের স্বাভাবিক পরিবেশ বজায় রেখে কথা বলছেন বলে জানালেও নির্দেশ মানতে সামান্য দেরি হওয়ায় ব্যবস্থাপক উত্তেজিত হয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তিনি শ্রমিকদের ওপর চড়াও হন এবং তাদের চাকরি থেকে বাদ দেওয়ার পাশাপাশি "মাটিতে পুঁতে রাখার" মতো ধৃষ্টতাপূর্ণ হুমকি প্রদান করেন। এই ঘটনায় উপস্থিত অসহায় দিনমজুরদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনাটি আরও ঘনীভূত হয় যখন উপস্থিত একজন ব্যক্তি এই অমানবিক আচরণের দৃশ্য ভিডিও ধারণ করতে যান। অভিযোগ উঠেছে, সেখানে থাকা ব্র্যাক কর্মীরা তাকে শারীরিক বাধা প্রদান করেন এবং ভিডিও করতে নিষেধ করেন। এই নিয়ে উপস্থিত জনতা ও ব্র্যাক কর্মীদের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকরা জানান, হাড়ভাঙা খাটুনি দিয়ে তারা জীবিকা নির্বাহ করেন, কিন্তু কর্মস্থলে এমন সম্মানহানিকর পরিবেশ ও জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় তাদের বিচলিত করে তুলেছে। তারা অবিলম্বে নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন।
বিয়ষটি জানাজানি হওয়ার পর স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক বা ব্র্যাক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কাহারোলের সচেতন মহল ও স্থানীয় বাসিন্দারা এই ধমক ও হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা মনে করেন, এনজিওর মতো সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এমন আচরণ অগ্রহণযোগ্য। ভবিষ্যতে যাতে কোনো শ্রমিকের সঙ্গে এমন অমানবিক আচরণ না ঘটে, সেজন্য প্রশাসনের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়েছে।
দৈনিক চ্যানেল দিগন্ত