নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে একটি পারিবারিক কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০১ নম্বর নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামস্থ রহমত নামের এক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানে এই অভিযান চালানো হয়। পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার এই বিশালাকার মূর্তিটি দেখতে পায় পুলিশ।
তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হলে তিনি বিধি মোতাবেক মূল্যবান এই প্রত্নতাত্ত্বিক সম্পদটি উদ্ধারের নির্দেশনা প্রদান করেন। রাত ১১টা ৫ মিনিটের দিকে পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। মাপজোখ শেষে দেখা যায়, উদ্ধারকৃত এই প্রাচীন মূর্তিটির ওজন প্রায় ১৩৭ কেজি। পোরশা থানা পুলিশ জানিয়েছে, মূর্তির গঠন ও অলঙ্করণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কয়েক শতাব্দী বা হাজার বছরের পুরনো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পাচারকারী চক্র বা অন্য কেউ এটি এখানে লুকিয়ে রেখেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহামূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদটি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে। এ সংক্রান্ত পরবর্তী আইনি পদক্ষেপ ও অধিকতর তদন্ত বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। প্রাচীন জনপদ নওগাঁর মাটির নিচে বা লোকালয়ে লুকিয়ে থাকা এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার দেশের সঠিক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
মোঃ রনি ইসলাম