সিলেটের গোয়াইনঘাটে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসহায় ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার ও হাজি মোহাম্মদ সফিকুর ইসলামের ব্যক্তিগত অর্থায়ন ও আয়োজনে ১৪০টি পরিবারের মধ্যে রমজানের উপহার হিসেবে পোল্ট্রি মোরগ বিতরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) ইউনিয়নের কাপাউড়া গ্রামে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, রমজানের প্রাক্কালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এমন প্রোটিন সমৃদ্ধ উপহার পেয়ে নিম্নআয়ের মানুষগুলোর মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।
এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে মোস্তফা মিয়ার সভাপতিত্বে সঞ্চালনা করেন মাওলানা তোফায়েল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মোহাম্মদ কামাল আহমেদ, মোজাম্মেল আলী ও মন্তাজ মিয়াসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিগণ। বিতরণকালে বক্তারা প্রবাসীদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের অন্যান্য বিত্তবানদেরও এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। উপহার সামগ্রী হাতে পেয়ে অনেক সুবিধাবঞ্চিত মানুষ আবেগাপ্লুত হয়ে প্রবাসীদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া করেন।
আয়োজক মোস্তাফিজুর রহমান কাওছার দূরপ্রবাস থেকে এক বার্তায় জানান, “পবিত্র রমজান মাসে দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এই ধরনের ছোট উদ্যোগ যদি সমাজের অন্যদের অনুপ্রাণিত করে, তবেই আমাদের সার্থকতা।” স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই প্রবাসীরা বরাবরই এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই ধরনের জনহিতকর ও সেবামূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক চ্যানেল দিগন্ত