নিজস্ব প্রতিবেদক:
আগামী ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে 'সাওঘাট আইডিয়াল স্কুল'। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম এই বিশেষ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন।
কর্মসূচি অনুযায়ী, ২১শে ফেব্রুয়ারি সকালে সকল শিক্ষক ও শিক্ষার্থীকে সকাল ৭:০০ ঘটিকার মধ্যে স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা, বিশেষ স্টিকার এবং ২১শে ফেব্রুয়ারির লোগো সম্বলিত ব্যাজ বিতরণ করা হবে।
সকাল ৭:৩০ মিনিটে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য 'প্রভাতফেরি' শুরু হবে। এরপর সকাল ৮:৩০ মিনিটে ৫৫ নং সাওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকাল ১০:০০ টায় সকল শিক্ষক ও শিক্ষার্থী পুনরায় স্কুলে উপস্থিত হবেন এবং দিবসটি উপলক্ষে আয়োজিত পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম বলেন, "নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার গুরুত্ব এবং ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আমি সকল শিক্ষক ও শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি।"
দৈনিক চ্যানেল দিগন্ত