এমরান হোসাইন, ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা বাজারে 'স্টাইল ফিক্স' নামক একটি জুতার দোকানে ক্রেতার সাথে দোকানদার ও কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাজারে উপচে পড়া ভিড়কে কেন্দ্র করে গতকাল দুপুরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ক্রেতা সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঈদের কেনাকাটার এই মৌসুমে দোকানগুলোতে অধিক লাভে পণ্য বিক্রির হিড়িক পড়েছে। অনেক দোকানে ভারত ও চীনসহ বিভিন্ন দেশের চাকচিক্যময় পণ্য প্রদর্শন করে সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় 'স্টাইল ফিক্স' দোকানে পণ্য ক্রয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মালিক ও কর্মচারীরা সাধারণ ক্রেতাদের সাথে অশালীন আচরণ শুরু করেন
ভুক্তভোগী ক্রেতার অভিযোগ, দোকানদার এবং কর্মচারীরা শুধু মৌখিক দুর্ব্যবহারই করেননি, বরং একপর্যায়ে তারা ক্রেতার গায়ে হাত তোলেন। বাজারে কেনাকাটা করতে এসে এমন অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়ে নিরাপত্তা ও বিচারের দাবিতে ভুক্তভোগী দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করেন এবং থানায় লিখিত অভিযোগ প্রদান করেন।
ঈদের ভিড়কে পুঁজি করে ব্যবসায়ীদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, কেনাকাটার এই সময়ে অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে যেন কোনো ক্রেতা হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন। ক্রেতাদেরও এই সময়ে বুঝেশুনে কেনাকাটা করার পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক চ্যানেল দিগন্ত