ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) কুড়িগ্রাম জেলা জামায়াতের কার্যালয়ে ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর অধ্যাপক আজিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। তরুণ সমাজ ও ছাত্র সমাজকে দ্বীনি আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ এবং বায়তুলমাল সম্পাদক জহিরুল ইসলাম। এছাড়া ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি মোস্তফা কামাল ও মোখলেসুর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। অতিথিবৃন্দ পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ভ্রাতৃত্ববোধ ও সুশৃঙ্খল জীবন গঠনে রমজানের ভূমিকা অপরিসীম। থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় সামাজিক ও মানবিক কাজে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য তারা দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত জনশক্তি ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে রমজানের শিক্ষা নিয়ে বিশেষ নসিহা প্রদান করা হয়। বক্তারা বলেন, সাধারণ ছাত্রসমাজের অধিকার রক্ষা ও সুন্দর সমাজ বিনির্মাণে ছাত্রশিবির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রমজানের এই প্রশিক্ষণকে সারাবছর কাজে লাগিয়ে ধৈর্য ও সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করা হয়। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক চ্যানেল দিগন্ত