হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে মাটি ভর্তি দু'টি ট্রাক্টরসহ মারুফ রহমান নামে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম এই অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত মারুফ রহমান উপজেলার জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে উপজেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করে আসছিল। এমনকি আজমিরীগঞ্জ উপজেলার মূল ফটক দিয়ে প্রকাশ্যে এসব মাটি ভর্তি গাড়ি চলাচল করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে আজমিরীগঞ্জ উপজেলা সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় প্রশাসন। এসময় সরাসরি মাটি পরিবহনকালে দুটি ট্রাক্টরসহ মারুফ রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মধ্যরাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, গভীর রাতে মাটির গাড়ি চলাচলের কারণে রাস্তাঘাটের ক্ষতি হওয়ার পাশাপাশি জনজীবনেও অস্বস্তি তৈরি হচ্ছিল।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে এবং জনস্বার্থ রক্ষায় এই দণ্ডাদেশ প্রদান করা হয়েছে। তিনি আরও হুশিয়ারি দিয়ে বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি বা বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে নিয়মিত অব্যাহত থাকবে। এ সময় তিনি সাধারণ মানুষকে এ ধরণের অবৈধ কর্মকাণ্ডের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
দৈনিক চ্যানেল দিগন্ত