প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
নাগরপুর সদর ইউনিয়ন নির্বাচনে মেম্বার পদে ইঞ্জি. তারিকুল ইসলামের প্রার্থিতা ঘোষণা
রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের (দুয়াজানী) মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম। ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার বাসিন্দা এবং মরহুম আব্দুল কাইয়ুমের জ্যেষ্ঠ পুত্র তারিকুল ইসলাম ছোটবেলা থেকেই এলাকায় অত্যন্ত বিনয়ী ও মানবিক গুণসম্পন্ন হিসেবে পরিচিত। পেশাগত জীবনে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নাগরপুর এজেন্ট শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন এবং পাশাপাশি জাতীয় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতায় নিয়োজিত আছেন। ব্যাংকিং সেবা ও সাংবাদিকতার মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা ও স্থানীয় সমস্যাগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় তিনি এখন জনপ্রতিনিধি হিসেবে সরাসরি জনসেবায় সম্পৃক্ত হতে চান। তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই দুয়াজানী এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী তারিকুল ইসলাম যদুনাথ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার বিভাগে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি বিওইউ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলেছেন। তার প্রার্থিতা নিয়ে স্থানীয় ৩নং ওয়ার্ডের ভোটাররা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এলাকাবাসীর মতে, তারিকুল ইসলাম একজন শিক্ষিত, সৎ ও দায়িত্বশীল তরুণ। তিনি নির্বাচিত হলে এলাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুয়াজানী এলাকার দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যা ও রাস্তাঘাটের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করছেন। বিশেষ করে তরুণ সমাজ একজন শিক্ষিত ও আধুনিক মনস্ক প্রতিনিধি পেয়ে বেশ উচ্ছ্বসিত।
নির্বাচনী লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে ইঞ্জিনিয়ার মো. তারিকুল ইসলাম জানান, তিনি জনপ্রতিনিধিত্বকে কেবল একটি পদ হিসেবে নয়, বরং পবিত্র আমানত ও সেবা হিসেবে দেখেন। জয়ী হলে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ডিজিটাল ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন। বিশেষ করে রাস্তাঘাটের আমূল পরিবর্তন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং বেকার যুবকদের কারিগরি দক্ষতায় বলীয়ান করতে বিশেষ কর্মসূচি গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি দুর্নীতিমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার অঙ্গীকার করে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। সচেতন মহলের মতে, তারিকুল ইসলামের মতো একজন দক্ষ ও শিক্ষিত প্রার্থীর আগমনে নাগরপুর সদরের ৩নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে নতুন ও ইতিবাচক মাত্রা যোগ হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত