
মোঃ জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় উপজেলা রেস্ট হাউস সংলগ্ন মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় শিক্ষক সমাজের প্রতিনিধিরা প্রতিমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
বিকাল সাড়ে ৫টায় গলাচিপা উপজেলা প্রশাসন মাঠের অফিস চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক এক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রতিমন্ত্রী সাধারণ মানুষের নাগরিক অধিকার এবং সুষম উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এরপর তিনি উপস্থিত সকলের সাথে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন। পবিত্র রমজান ও দেশের সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে এই পর্বের সমাপ্তি ঘটে। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রবাসীদের অধিকার ও শ্রমবাজারের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রীর সফরসূচি অনুযায়ী পর্যায়ক্রমে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি গলাচিপা প্রেসক্লাব ও টেলিভিশন ফোরামের সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং গণঅধিকার পরিষদ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এসব সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নের নানা দিক উঠে আসে। প্রতিমন্ত্রীর এই ব্যস্ততম সফরকে কেন্দ্র করে পুরো গলাচিপা উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।