প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 26, 2026 ইং
চরফ্যাশনে প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদ করায় সহকর্মীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
ভোলা চরফ্যাশন প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার ১৮৮ নং মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছাসারিতার প্রতিবাদ করায় এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মনিরুল আলম ও সহকারী শিক্ষিকা খালেদা আক্তারের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে কথা বলায় সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে নারী হেনস্তার অভিযোগ এনে একটি মহল ষড়যন্ত্রমূলক প্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী শিক্ষক সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।
লিখিত অভিযোগে সাইফুল ইসলাম উল্লেখ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আলম ও সহকারী শিক্ষিকা খালেদা আক্তার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়ে নানা অনিয়ম করে আসছিলেন। তিনি এসব দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে বিষয়টি অবহিত করেন। এর জের ধরেই তার বিরুদ্ধে নারী হেনস্তার বানোয়াট অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইনে সংবাদ প্রকাশ করানো হয়েছে। প্রকাশিত সংবাদগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি এর তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ১৮৮ নং মধ্য আলীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মনিরুল আলম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিদ্যালয়ে কোনো অনিয়মের সাথে জড়িত নন; বরং সহকারী শিক্ষক ও শিক্ষিকারা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে তাকে হেনস্তা করার চেষ্টা করছেন। অন্যদিকে সহকারী শিক্ষিকা খালেদা আক্তারও তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি কোনো অনিয়ম করেননি। তবে স্থানীয় বাসিন্দা হওয়ায় সাইফুল ইসলাম প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে তিনি পাল্টা অভিযোগ করেন। বর্তমানে এই পাল্টাপাল্টি অভিযোগে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে অস্থিরতা বিরাজ করছে এবং স্থানীয় অভিভাবকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত