
পবিত্র মাহে রমজান মাসে গাজীপুরের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তদারকি জোরদার করেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা বাজারে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে চাল, ডিম, পেঁয়াজ, আলু, ব্রয়লার মুরগি ও ভোজ্যতেলের মূল্য তালিকা এবং সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে যাচাই করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং সঠিক ওজন নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বাজারের অস্থিতিশীলতা রোধে ও ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ। তারা বাজারের বিভিন্ন আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখেন এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন। অভিযান চলাকালে ব্যবসায়ীদের ক্রয় রশিদ সংরক্ষণ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস জুড়ে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। যারা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজার ব্যবস্থা শান্ত রাখতে প্রশাসনের এই তৎপরতাকে মাওনা বাজারের সাধারণ ক্রেতারা সাধুবাদ জানিয়েছেন। জনস্বার্থে এই বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।