প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 23, 2026 ইং
গোপালগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান
লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। সভার শুরুতে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের পেশাগত ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সেসব সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক বিভিন্ন দিকনির্দেশনা ও সিদ্ধান্ত প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে এবং সেবার মান বাড়াতে নিয়মিত এই ধরনের সমন্বয় ও কল্যাণ সভার গুরুত্বারোপ করেন।
উক্ত সভায় দায়িত্ব পালনে অসামান্য সাহসিকতা ও পেশাদারিত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। মাদকদ্রব্য উদ্ধার, দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল এবং মামলা দ্রুত নিষ্পত্তিসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় যারা বিশেষ ভূমিকা পালন করেছেন, তাদের হাতে এই পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। এছাড়া দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদন এবং বিশেষ কর্মস্পৃহার জন্য সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, ভালো কাজের এই স্বীকৃতি অন্যান্য সদস্যদেরও দেশপ্রেম ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।
কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাসানুর রহমান এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভার শেষে দেশ ও জাতির শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত