প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় একুশের প্রথম প্রহরে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে একুশের সূচনালগ্নে বাংলাদেশ পুলিশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। এ সময় তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের মহান আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
পুষ্পস্তবক অর্পণকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কর্মকর্তারা বলেন, একুশের এই প্রথম প্রহর আমাদের বাঙালির আত্মত্যাগ, সংগ্রাম ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। মহান ভাষা আন্দোলনের চেতনাকে হৃদয়ে ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়তে পুলিশ বাহিনী সর্বদা কাজ করে যাবে।
অমর একুশের এই প্রথম প্রহরে পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন বাংলার দামাল ছেলেরা, যাদের ত্যাগের বিনিময়ে আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটি পালিত হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত