
হবিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত সরকার গঠন করলে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি বছর জনগণের নিকট তাদের সম্পদের আয়-ব্যয়ের হিসাব পেশ করতে হবে। শুধু প্রতিনিধি নয়, তাদের পরিবারের সকল সদস্যের সম্পদের হিসাবও দিতে হবে। আমরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট বরাদ্দ নেব না। বিচার ব্যবস্থা এমন হবে যেখানে ন্যায়বিচার টাকার কাছে বিক্রি হবে না।”
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে হবিগঞ্জে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “যে বাংলাদেশে চাঁদাবাজির জ্বালায় মানুষ অতিষ্ঠ, সেই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। এই নির্বাচনে ধানের শীষ বা জোটের প্রার্থীদের ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে। আর ‘না’ ভোট অর্থাৎ অপশক্তি বিজয়ী হলে আবারও সন্ত্রাস, চাঁদাবাজ ও ফ্যাসিবাদ ফিরে আসবে।”
হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী মহসিন আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির ও হবিগঞ্জ-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাকসুর সাবেক জিএস মাজহারুল ইসলাম, হবিগঞ্জ-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম এবং হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী আহমেদ আব্দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীদের বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনসভাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।