প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
সাভারে লাশ পোড়ানো মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের কারাদণ্ড
মো. হিরন চৌধুরী, সাভার প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৬ জনের লাশ পোড়ানোসহ ৭ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া মামলার অপর ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জনাকীর্ণ আদালতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে আদালত উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলামের নির্দেশে এবং সরাসরি উস্কানিতে আশুলিয়ায় নৃশংস হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর মতো বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে। এসব অপরাধ মানবতাবিরোধী অপরাধের শামিল হওয়ায় অপরাধীদের দৃষ্টান্তমূলক এই শাস্তি প্রদান করা হলো।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের গুলিতে নিহত ৭ জনের লাশ ভ্যানে স্তূপ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
রায়ের সময় সাজাপ্রাপ্ত কয়েকজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে যারা পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত