প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের প্রার্থী ফাহিম
মো: জিহাদ হোসেন, পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ফাহিম বলেন, “পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে নেওয়া এই পারস্পরিক সমঝোতার অংশ হিসেবে পটুয়াখালী জেলার অন্যান্য আসনগুলোতে গণঅধিকার পরিষদ বিএনপিকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় আমি পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়াচ্ছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, তাঁর প্রধান সমন্বয়কারী মাকসুদ বায়জিদ পান্না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদ সরোয়ার কালাম। আরও উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাবেক সদস্য সচিব শাহ আলমসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই রাজনৈতিক সমঝোতা পটুয়াখালীর নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন থেকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেবেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত