প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
সাভারে দুর্ধর্ষ ডাকাত সর্দার ও মাদক কারবারি রাকিব গ্রেপ্তার
মো. হিরন চৌধুরী, সাভার প্রতিনিধি
সাভারে দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, মাদক কারবার ও জনমনে আতঙ্ক সৃষ্টির মূল হোতা শাহ আলী ওরফে রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে সাভার পৌরসভার শাহীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরুলিয়া রোডের কালিয়াকৈর এলাকায় গাছ ফেলে চলাচলে বিঘ্ন ঘটানো এবং মানুষের মাঝে ভীতি সৃষ্টির ঘটনার তদন্তে শাহ আলী ওরফে রাকিব হাসানের নাম উঠে আসে। নিবিড় তদন্তে প্রকাশ পায় যে, সে সাভার ও আশপাশের এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল এবং মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
এর আগে শুক্রবার ভোরে কালিয়াকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তিতে উঠে আসে যে, রাকিবই এই পুরো চক্রের 'মাস্টারমাইন্ড'। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়ার পর শাহ আলী ওরফে রাকিব হাসান নিজেকে বিএনপির অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের নেতা হিসেবে দাবি করে। তার ফেসবুক প্রোফাইলেও বিভিন্ন নেতার সঙ্গে ছবি ও নির্বাচনী প্রচারণায় সক্রিয় থাকার প্রমাণ মিলেছে। তবে এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করলেও তার মূল পেশা ছিল অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করা। রাজনৈতিক পরিচয় বদলালেও তার অপরাধী চরিত্রে কোনো পরিবর্তন আসেনি।
সাভার মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত