প্রিন্ট এর তারিখঃ Mar 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 31, 2026 ইং
গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়ন কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনে এ নিয়ে তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাল দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে দুর্বৃত্তরা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানের ফাঁকা স্থানে জর্দার কৌটায় কালো কস্টেপে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ শোনা যায়।
ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে তারা তেমন উদ্বিগ্ন নন, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন কমপাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চ্যানেল দিগন্ত